২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর রাতে ‘ডাকাত’ শহীদের লাশ দাফন

হাসপাতালের মর্গে শহীদের লাশ সনাক্ত করার পর তার ভাই বলেন, “ও আমার ছোট ভাই শহীদ। সঙ্গ দোষে ছেলেটা খারাপ হয়ে গেল।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 06:46 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শহীদুল ইসলাম ওরফে ‘ডাকাত শহীদের’ লাশ বৃহস্পতিবার গভীর রাতে দাফন করা হয়েছে। শহীদের ভাই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশি প্রক্রিয়া শেষ করে লাশ নেওয়ার পর বৃহস্পতিবার রাত ২টার দিকে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। সূত্রাপুর থানার উপপরিদর্শক আবু সাঈদ জানান, রাতে শহীদের লাশ তার ভাই নুরুল ইসলামের কাছে এবং শহীদের সহযোগী কালুর লাশ তার মা মরিয়ম বেগমের কাছে হস্তান্তর করা হয়। মরিয়ম তার ছেলের লাশ মাদারীপুরে গ্রামের বাড়িতে নিয়ে গেছে বলে সাঈদ জানান। গত মঙ্গলবার রাতে পুরান ঢাকার লক্ষীবাজার এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন শহীদ ও কালু। এরপর দুই দিন লাশ দুটি পড়েছিল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে। হাজারো মানুষ ‘ডাকাত শহীদের’ লাশ দেখতে মর্গে গেলেও সেখানে তাদের কোনো নিকট আত্মীয়কে দেখা যায়নি এই দুদিন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রথমে কালুর মা মরিয়াম মর্গে এসে ছেলের লাশ সনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন। তার এক ঘণ্টা পর মর্গে আসেন শহীদের ভাই নুরুল ইসলাম। এ সময় তার সঙ্গে ৩০/৩৫ জন বিভিন্ন বয়সী লোক ছিলেন। শহীদকে আজিমপুরে দাফন করার কারণ জানতে চাইলে নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রামের বাড়িতে কবর দেইনি, কারণ নানা জনে নানা কথা বলবে।” শহীদ নিহত হওয়ার পর নুরুল ইসলাম প্রথমে জানিয়েছিলেন, তিনি ভাইয়ের লাশ নিতে মর্গে যেতে চান না। সিদ্ধান্ত পরিবর্তনের কারণ জানতে চাইলে তিনি বলেন, “র‌্যাব এসে চাপ দিল মর্গ থেকে লাশ নিয়ে কবর দিতে। তাদের (র‌্যাবের) নাকি অসুবিধা হচ্ছে। তাই ইচ্ছা না থাকলেও লাশ গ্রহণ করেছি।” “কি লাভ তার লাশ নিয়ে? ভাইতো আমার ভালো ছিল না”, দীর্ঘশ্বাস ছেড়ে বলেন নুরুল। লাশটি শহীদেরই ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, “কি যে বলেন ভাই.. ও আমার ছোট ভাই শহীদ। সঙ্গ দোষে ছেলেটা খারাপ হয়ে গেল।” শহীদের মৃত্যুর খবর মা রাজিয়া খাতুনকে (৮০) জানানো হয়েছে বলেও উল্লেখ করেন নুরুল। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ‘ডাকাত শহীদের’ বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৬টি হত্যাসহ মোট ১৮টি মামলা রয়েছে। আর কালুর বিরুদ্ধে রয়েছে ৩টি মামলা। কালু ছিল শহীদের অপরাধমূলক কর্মকা-ের প্রধান সহযোগী। ২০০১ সালে শহীদের নাম পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় উঠে আসে। ২০০৫ সালে শহীদ পালিয়ে ভারতে আত্মগোপন করেন। তবে সেখান থেকেও ফোনে সহযোগীদের মাধ্যমে ঢাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শহীদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরের মনসাপাড়া। বাবা শামসুল হক ভূইয়া ১৯৯০ সালে মারা যান। শ্বশুর বাড়ি শ্রীনগরের দামলা গ্রামে। স্ত্রী সালেহা বেগমের পরিবারে দুটি মেয়ে ও একটি ছেলেরও জন্ম দেন শহীদ। তবে ছেলে ইসমাইল (১৭) প্রায় চার বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। দুই মেয়ে বিথি ও সাথিয়াকে নিয়ে সালেহা বর্তমানে কলকাতায় বসবাস করেন বলে নুরুল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/জেকে/১২৪০ ঘ.