আগরতলা/মৌলভীবাজার, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গল-ত্রিপুরা সীমান্তের ভারতীয় অংশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সদস্যসহ দুই বাংলাদেশিকে আটকের প্রায় ১০ ঘণ্টা পর তাদের ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বর্ডার গার্ড বাংলাদেশ ও র্যাব কর্মকর্তারা বলছেন, এক মাদক চোরকারবারীকে আটক করার পর তার সহযোগীরা বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে শফিকুল ইসলাম নামের ওই র্যাব সদস্য ও সোর্স সুব্রতকে সীমান্তের ওপরে তুলে নিয়ে যায়। পরে বিএসএফ সদস্যরা তাদের নিজেদের ক্যাম্পে নিয়ে যায়।
কয়েক দফা আলোচনার পর শুক্রবার প্রথম প্রহরে ওই দুইজনকে বিজিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে বিএসএফ।
র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মঞ্জুর আহমেদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শফিকুল ও সুব্রত সুস্থ আছেন।
বিজিবি ১৪ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি
কামরুল আম্বিয়াকে
বলেন, সেলিম নামের এক মাদক কারবারীকে ধরতে বৃহস্পতিবার বিকালে শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের সীমান্ত গ্রাম কুঞ্জবনে অভিযান চালায় র্যাব। অভিযানে সেলিমকে আটক করা হলেও তার সহযোগীরা শফিকুল ও সুব্রতকে ধরে নিয়ে যায়।
ভারতের চাম্বুবস্তি বিএসএফ ক্যাম্পের কাছে ১৯৪৪ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবি কর্মকর্তা জানান।
র্যাব অধিনায়ক মঞ্জুর আহমেদ বলেন, “বিএসএফ সদস্যরা সীমান্তের ওপারে শফিকুল ও সুব্রতকে উদ্ধার করে চাম্বুবস্তি ক্যাম্পে নিয়ে যায়। ঘটনার সময় উপ পরিদর্শক শফিকুল সাদা পোশাকে থাকলেও তার সঙ্গে পরিচয়পত্র ছিল।”
অবশ্য বিএসএফ সূত্রের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগরতলা প্রতিনিধি জানান, সীমান্তের ওপারে ভারতীয় গ্রামবাসী ওই দুজনকে আটক করে বিএসএফের হাতে তুলে দেয়।
বিজিবি অধিনায়ক আব্দুর রহিম বলেন, “খবর পেয়ে আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে আলোচনা শুরু করি। ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর রাত দেড়টার দিকে র্যাব সদস্য ও সোর্সকে ভারতের চাম্বুবস্তি ক্যাম্প থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়।”
পতাকা বৈঠকে বিএসেফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ৭৩ ব্যাটালিয়নের কমান্ডার রাঘুবীর সিং। আর বাংলাদেশের পক্ষে ছিলেন আব্দুর রহিম ও ১৪ রাইফলেস অপস অফিসার মেজর তৌহিদ বিন ইসহাক।
এর আগে গত জানুয়ারিতে কুমিল্লায় এক বিজিবি সদস্য সীমান্তের ওপারে আটক হওয়ার পর তাকে আখাউড়া সীমান্ত দিয়ে ফেরত দেয় বিএসএফ।
সে সময়ও বিজিবির পক্ষ থেকে বলা হয়েছিল, গুলিতে এক চোরকারবারী নিহত হওয়ার পর তার সহযোগীরাই বিজিবি সদস্যকে তুলে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২০২ ঘ.
bdnews24