২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে ঝুঁকিপূর্ণ ২০০ ঘরে পানি বন্ধ

নগরীর লাল খান বাজারের মতিঝর্ণা এলাকার পাহাড়ের পাদদেশ বসবাসকারী ২০০ ঘরের অবৈধ পানি সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়াসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর লাল খান বাজারের মতিঝর্ণা এলাকার পাহাড়ের পাদদেশ বসবাসকারী ২০০ ঘরের অবৈধ পানি সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়াসা। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ সব ঘরের পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী মো. ফয়জুল্লাহ জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা দুই’শর বেশি পরিবারের পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারের অবৈধ বিদ্যুৎ-পানি-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানান তিনি। এর আগে দুপুরে বায়েজিদ থানার বাংলাবাজারে পাহাড়ে বসবাসকারী আরো ১৯ ঘরের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিবি। এছাড়া গত মঙ্গলবার মতিঝর্ণা, আকবর শাহ মাজার ও লতিফপুরে পাহাড়ি এলাকায় ২৬টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পিডিবি। গত সোমবার শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির দশম সভায় নগরী ও জেলার বিভিন্ন পাহাড়ের ঝুঁকিপূর্ণ পাদদেশে বসবাসকারী পরিবারের অবৈধ গ্যাস-পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। গত ২৬ জুন টানা বর্ষণের পর নগরী ও জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে ২৬ জনের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২০২৬ ঘ.