জামালপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের ইসলামপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার ডিক্রীর চর গ্রামে বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে এ দুই শিশু খালের পানিতে ডুবে মারা যায় বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি।
তারা হল- ইন্তাজ আলীর ছেলে শুক্কুর আলী (৪) ও কিতাব আলীর মেয়ে রীনা (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
চর পুটিমারী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুরা বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খালের পাড়ে খেলা করছিল। কোনো এক সময় তারা পানিতে ডুবে মারা যায়।
পরে স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে বলে জানান ইউপি সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯৪২ ঘ.
bdnews24