চট্টগ্রাম/কক্সবাজার, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় আটক ৪৪ রোহিঙ্গাকে দুই দফায় মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার বিকালে সীমান্তের পাঁচটি পয়েন্ট দিয়ে ২৭ জনকে ফেরত পাঠানো হয় বলে জানান টেকনাফের ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান।
এর আগে আটক ১৭ জনকে বুধবার রাতে খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা দিয়ে মায়ানমারে ফেরত পাঠানোর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট মো. বদরুদ্দোজা।
বিজিবি কর্মকর্তা জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ, সাবরাং ও হোইয়ক্যং পাড়া সীমান্ত থেকে বিজিবি ২৭ জন এবং শাহপরীর দ্বীপের জোলার পাড়ায় নাফ নদী থেকে কোস্টগার্ড সদস্যরা ১৭ রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে আটক করেছিল।
দুই দফায় তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানান জাহিদ হাসান।
এর আগে বুধবার সকাল পর্যন্ত ২৫ রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে আটক করেছিল বিজিবি ও কোস্টগার্ড।
গত মাসে মিয়ানমারের আরাকান প্রদেশে দাঙ্গার পর বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা চালায়। তবে সেখানে পরিস্থিতি শান্ত হয়ে এলে অনুপ্রবেশের চেষ্টা কমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/সিএস/১৯৩০ ঘ.
bdnews24