২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনা-ময়মনসিংহ রুটে বাস চলাচল শুরু

সাত ঘণ্টা বন্ধ থাকার পর নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বাস চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 05:20 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

নেত্রকোনা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত ঘণ্টা বন্ধ থাকার পর নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বাস চলাচল শুরু হয়েছে। বাস চালককে মারধরের প্রতিবাদে বুধবার বিকাল ৩টায় শ্রমিকার এই রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর রাত ১০টায় বাস চলাচল আবার শুরু হয়। জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক শিবলী সাদিক এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক ও পরিবহন মালিক নেতৃবৃন্দ, পুলিশ এবং জেলা প্রশাসকের বৈঠকের পর বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়। শিবলী সাদিক সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসক আনিস মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বাস চালককে যারা মারধরকারী দুই ব্যক্তিকে বুধবার রাতের মধ্যে গ্রেপ্তাার এবং বিচারের আশ্বাস দেন। তাই বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এই আশ্বাস বাস্তবায়ন না হলে বৃহষ্পতিবার থেকে আবারো ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে তিনি জানান। এর আগে বিকালে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুছ সাংবাদিকদের বলেন, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে শ্যামগঞ্জ বাজারে দুপুর ২টার দিকে একটি মোটরসাইকেলকে সাইড দেওয়া নিয়ে এলাকার ফারুক নামে এক যুবক শাহজালাল পরিবহনের একটি বাসের চালক অলিকে মারধর করেন। এর আগেও এই সড়কে ভাড়া আদায়কে কেন্দ্র করে শ্যামগঞ্জ বাজারে নেত্র পরিবহনের এক বাস চালককে মারধর করে কয়েকজন লোক। এ ঘটনায় মিনহাজ মিয়া, পল্লব, মোস্তফা, নায়েব আলী, মোতালিব ও রবিনের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেন বাস চালক শরিফ মিয়া। জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক শিবলী সাদিক বলেন, এই মামলার আসামিদেরসহ আজ (বুধবার) আবারো বাস চালককে মারধরকারী ফারুককে গ্রেপ্তারের দাবিতে বাস বন্ধ করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ রাখার হুমকি দেন তিনি। বাসষ্ট্যান্ডে আটকা পড়া যাত্রী মোহনগঞ্জের আব্দুল বাছেত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকষ্মিক এই ধর্মঘটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৭ ঘ.