২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৩,৫০০ মুক্তিযোদ্ধার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হবে’

সাড়ে তিন হাজার মুক্তিযোদ্ধার দেহাবশেষ ভারত থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 05:19 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে তিন হাজার মুক্তিযোদ্ধার দেহাবশেষ ভারত থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদে সাংসদ এইচ এন আশিকের এক নোটিশের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, “জাতি হিসাবে চাই মুক্তিযোদ্ধাদের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনতে। ভারতের মাটিতে সাড়ে তিন হাজার মুক্তিযোদ্ধা সমাহিত আছেন।” গহ ৪ মার্চ এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয় জানিয়ে তাজুল ইসলাম বলেন, “এ কমিটি ইতোমধ্যেই ভারত সফর করে মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সনাক্ত করেছেন। দেহাবশেষ কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।” আশিক তার নোটিশে উল্লেখ করেন যে, রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা গোলাম গাউসের দেহাবশেষ ভারতীয় সীমান্তের কাছে সমাহিত আছে। এই মুক্তিযোদ্ধার দেহাবশেষ সরকারি উদ্যোগে দেশে ফিরিয়ে এনে যথাযথ মর্যাদায় সমাহিত করার দাবি জানান সাংসদ আশিক। প্রতিমন্ত্রী বলেন, “ফরেনসিক বিভাগ ও নিউক্লিয়ার মেডিকেল সায়েন্স বিভাগে শহীদ মুক্তিযোদ্ধাদের হাড় পরীক্ষা করে পরিবারের সদস্যদের সঙ্গে মিল আছে কিনা তা সনাক্ত করা হবে। এটা আমাদের জাতীয় দায়িত্ব।” পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাদের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি। তাজুল ইসলাম আরো বলেন, “মুক্তিযোদ্ধাদের দেহাবশেষগুলো দেশে ফিরিয়ে আনার পর একটি জাতীয় সমাধি করা হবে, যেখানে পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানাতে পারবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউএম/এইচএ/২৩০৯ ঘ.