গাজীপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় হাবিব উন নবী খান সোহেলসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের ছয় শীর্ষ নেতা বুধবার জামিনে ছাড়া পেয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে।
এরা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব ও ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ।
সোমবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দীকী ও আবু তাহের মো. সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ তাদের ৬ মাসের জামিন দেয়।
কাশিমপুর কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুর রাজ্জাক বলেন, তাদের জামিনের কাগজ যাচাই-বাছাই করে বুধবার রাত ১০টার দিকে মুক্তি দেওয়া হয়েছে।
এই নেতাদের আইনজীবী সগির আহমেদ লিয়ন বলেন, ২১ এপ্রিলের হরতালের আগের দিন ঢাকার খিলগাঁও এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গাড়ির এক চালক মারা যান। এতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়।
ওই মামলায় ১৫ জুন তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গত ১৪ জুন মধ্যরাতে কাশিমপুর কারাগার থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, সাইফুল আলম নীরব, হাবিব উন নবী খান সোহেল, মীর শরফত আলী সপু, সুলতান সালাহউদ্দিন টুকুকে হরতালে ককটেল বিস্ফোরণ মামলায় মুক্তি দেওয়া হয়।
ছাড়া পাওয়ার পরপরই কামরুজ্জামান রতন ছাড়া বাকিদের খিলগাঁও থানার মামলায় কারাফটক থেকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এর দুইদিন পর ওই চারজনকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
গত ১৬ মে ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করলে এদেরসহ ২৩ নেতাকে কারাগারে পাঠানো হয়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ হয়। ওই রাতেই শাহবাগ থানায় পুলিশ মামলা দায়ের করে। ৩০ মে পুলিশ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৭ ঘ.
bdnews24