ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে সদস্য হিসাবে একজন সংসদ সদস্য এবং পরিচালনার কাজে আমলাদের প্রতিনিধিত্ব বাড়িয়ে একটি বিল সংসদে পাস হয়েছে।
সংসদের বুধবারের অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০১২’ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন-১৯৯৮ এ সংশোধন এল।
বিলের উদ্দেশ্য সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সময়ের প্রয়োজনে এবং প্রশাসনিক কারণে আইনটি সংশোধন করা প্রয়োজন।
আইনের ১২ ধারায় সংশোধন এনে বিএসএমএমইউ’র অর্থ কমিটিতে সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত সংসদ সদস্যদের মধ্যে একজনকে সদস্য রাখার বিধান করা হয়েছে।
বিএসএমএমইউ’র সিন্ডিকেটে শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার নিচে নন এমন কর্মকর্তাকে সদস্য করার বিধান রাখা হয়েছে।
১৯৯৮ সালে আইনে সরকার মনোনীত অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নন এমন কর্মকর্তাকে সিন্ডিকেট সদস্য রাখার বিধান ছিল। সংশোধিত আইনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিরবে সদস্য রাখার বিধান করা হয়েছে। আগের আইনে একজনের পরিবর্তে তিনজন আমলাকে সদস্য করার বিধানও করা হয়েছে।
সংশোধিত আইনে নার্সিং এ øাতক ও øাতকোত্তর অধ্যায়নের ব্যবস্থা করার বিধান রাখা হয়েছে।
১৯৯৮ সালের আইনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি বা তার মনোনীত প্রতিনিধিকে সিন্ডিকেট সদস্য করার বিধান ছিল। সংশোধিত আইনে প্রতিনিধির পরিবর্তে শুধু বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি সদস্য থাকতে পারবেন।
এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান বা তার মনোনীত প্রতিনিধিকে সিন্ডিকেট সদস্য করার বিধান রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২২০ ঘ.
bdnews24