২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকামুখী জনস্রোত ঠেকাতে পরিকল্পনা নেই

জনসংখ্যার ভারে ঢাকা ভারাক্রান্ত হয়ে পড়ায় নাগরিক সুবিধা ক্রমে সঙ্কুচিত হয়ে পড়লেও তা ঠেকাতে পরিকল্পনা কমিশনের বিশেষ কোনো পরিকল্পনা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনসংখ্যার ভারে ঢাকা ভারাক্রান্ত হয়ে পড়ায় নাগরিক সুবিধা ক্রমে সঙ্কুচিত হয়ে পড়লেও তা ঠেকাতে পরিকল্পনা কমিশনের বিশেষ কোনো পরিকল্পনা নেই। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ঢাকামুখী জনস্রোত রোধ করার জন্য পৃথক কোনো পরিকল্পনা পরিকল্পনা কমিশন নেয়নি। তবে সরকারের গৃহীত ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনায় নগরায়ন সমস্যাকে প্রাধান্যপ্রাপ্ত ১০টি খাতের মধ্যে একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে তিনি জানান। যানজটসহ বিভিন্ন সমস্যার জন্য ঢাকামুখিতাকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যার বাড়তি চাপের কারণে বিভিন্ন নাগরিক সমস্যা প্রকট হওয়ার পাশাপাশি অন্যান্য নাগরিক সুবিধাগুলো ক্রমান্বয়ে সঙ্কুচিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে রাজধানী ঢাকার জনসংখ্যা ১ কোটি ২০ লাখেরও বেশি বলে ধারণা করা হয়, যা বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা মেগাসিটিগুলোর অন্যতম। ধারণা করা হচ্ছে, ২০১৫ সাল নাগাদ বাংলাদেশের মোট জনসংখ্যার ১৩ ভাগ বাস করবে ঢাকায়, যা বর্তমানে ১০ শতাংশের বেশি।” কর্মসংস্থানের জন্য সবাই ঢাকায় ছুটে এলেও অধিকাংশের ক্ষেত্রে দারিদ্র্য বিমোচন হয় না এবং শহরে দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে তেমন সহায়ক হয় না, বলেন তিনি। শেখ হাসিনা জানান, চলমান ষষ্ঠ-পঞ্চবার্ষিক পরিকল্পনার সর্বশেষ বছর ২০১৫ সালে জিডিপি’র প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত হবে, যা গড় হিসাবে প্রতিবছর ৭ দশমিক ৩ শতাংশ। বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স থেকে আয় ১ হাজার ৩০০ কোটি ডলার হবে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশিদের শিরোচ্ছেদ এড়াতে ওই দেশগুলোর বিচার ব্যবস্থা ও সামাজিক আচার সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, শ্রম আইন-২০০৬ যুগোপযোগী, কল্যামুখী ও আধুনিক করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। খসড়া তৈরি হয়েছে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিধিমালার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৩০ ঘ.