চট্টগ্রাম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখার স্বার্থে গ্যাস সরবরাহ শুরুর দাবি জানিয়েছেন কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কর্মকর্তারা।
বুধবার দুুপুরে আনোয়ারায় অবস্থিত কারখানার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তারা এ দাবি করেন।
গ্যাস সরবরাহ না থাকায় কাফকো গত ১৮০দিন ধরে বন্ধ রয়েছে।
সভায় কাফকোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে যন্ত্রাংশ নষ্ট হয়ে প্ল্যান্ট বন্ধ হয়ে যেতে পারে।
কাফকোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ইউরিয়া ও এমোনিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে বলেও জানান তিনি। সালাহউদ্দিন বলেন, দেশের খাদ্য উৎপাদনের স্বার্থেই প্রতিষ্ঠানটির উৎপাদন স্বাভাবিক রাখা উচিত।
কাফকোর তথ্য অনুযায়ী, গত সাত বছরে সরকার এ প্রতিষ্ঠান থেকে ইউরিয়া সার নিয়েছে প্রায় ৩০ লাখ টন। পুরোদমে গ্যাস সরবরাহ পেলে কাফকোতে বছরে ইউরিয়া উৎপাদনের পরিমাণ সাত লাখ ৫৬ হাজার টন।
কাফকোর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এ কারখানায় গ্যাস বিক্রি করে কেবল কর ও লভ্যাংশ হিসেবেই গত সাত বছরে সরকার সাত হাজার কোটি টাকা আয় করেছে।
কাফকোর মোট মালিকানার ৪৩ শতাংশই বাংলাদেশের। অবশিষ্ট মালিকানা জাপান ও কয়েকটি ইউরোপীয় দেশের।
মত বিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কাফকোর চিফ অপারেশন ম্যানেজার শফি আহমেদ, মহাব্যবস্থাপক (কারিগরি) খুরশিদ আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৩২ ঘ.
bdnews24