নেত্রকোনা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস চালককে মারধরের প্রতিবাদে বুধবার বিকাল থেকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
এতে নেত্রকোনার আন্তজেলা বাস টার্মিনালে কয়েকশ’ যাত্রী আটকা পড়ে দুর্ভোগে পোহাচ্ছে।
জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুছ সাংবাদিকদের বলেন, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে শ্যামগঞ্জ বাজারে দুপুর ২টার দিকে একটি মোটরসাইকেলকে সাইড দেওয়া নিয়ে এলাকার ফারুক নামে এক যুবক শাহজালাল পরিবহনের একটি বাসের চালক অলিকে মারধর করেন।
এর আগেও এই সড়কে ভাড়া আদায়কে কেন্দ্র করে শ্যামগঞ্জ বাজারে নেত্র পরিবহনের এক বাস চালককে মারধর করে কয়েকজন লোক।
এ ঘটনায় মিনহাজ মিয়া, পল্লব, মোস্তফা, নায়েব আলী, মোতালিব ও রবিনের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেন বাস চালক শরিফ মিয়া।
জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক শিবলী সাদিক বলেন, এই মামলার আসামিদেরসহ আজ (বুধবার) আবারো বাস চালককে মারধরকারী ফারুককে গ্রেপ্তারের দাবিতে বাস বন্ধ করা হয়েছে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান।
বাসষ্ট্যান্ডে আটকা পড়া যাত্রী মোহনগঞ্জের আব্দুল বাছেত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকষ্মিক এই ধর্মঘটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, মামলার তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা না করেই পরিবহন শ্রমিকরা আকষ্মিক বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১২ ঘ.
bdnews24