ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন উপসচিবসহ প্রশাসনের বেশকিছু পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দু’দিনে (মঙ্গলবার ও বুধবার) এসব রদবদলের আদেশ জারি করা হয়।
উপসচিবদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শেখ সাখাওয়াত হোসেনকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব ও জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সুবাস চন্দ্র সাহাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব শাহজাহান মিয়াকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
এছাড়া সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের শ্রম শাখার দ্বিতীয় সচিব (শ্রম) একেএম আফতাব হোসেন প্রামাণিককে প্রত্যাহার করা হয়। সিনিয়র সহকারী সচিব পর্যায়ের এই কর্মকর্তাকে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোহাম্মদ সাঈদ-উর রহমানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব নিয়োগ করা হয়।
বাগেরহাট সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. জুলিয়া মঈন এবং পঞ্চগড়ের বোদার ইউএনও জহুরুল ইসলামকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট- এর উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ বেতারের উপ-পরিচালক তথ্য ক্যাডারের কর্মকর্তা ড. মোহাম্মদ হারুন অর রশিদকে জাতীয় সংসদ সচিবালয়ের উপ-পরিচালক এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসাইন মিয়াকে একই সচিবালয়ের মেডিকেল অফিসার পদে প্রেষণে নিয়োগ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব খান মো. রেজাউন নবীকে বাগেরহাট এবং মোহাম্মদ হাবিবুর রহমানকে বরগুনার এডিসি নিয়োগ করা হয়েছে।
এছাড়া প্রশাসন ক্যাডারের ন’জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেলের সপ্তম স্কেলে সিলেকশন গ্রেড দেওয়া হয়। বিভিন্ন তারিখ থেকে এ সিলেকশন গ্রেড কার্যকর হবে।
এ নয় কর্মকর্তার মধ্যে- আলিয়া মেহের ২০০৮ সালের ৩০ অক্টোবর, মোস্তাফিজুর রহমান ’০৯ সালের ২ জুলাই, ছাদেকুর রহমান ’১১ সালের ১৯ মে, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ’১১ সালের ৪ সেপ্টেম্বর, জালাল উদ্দীন ’১১ সালের ১৫ এপ্রিল, সগীর হোসেন ’১০ সালের ২১ অগাস্ট, লুৎফুন নাহার ’১১ সালের ১১ জানুয়ারি, তাজিনা সারোয়ার ’১১ সালের ১২ জুন এবং কামরুন্নাহার ’১২ সালের ১৩ মে থেকে এ সিলেকশন গ্রেড পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯১১ ঘ.
bdnews24