ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলের গাইবান্ধা, বগুড়া ও কুড়িগ্রামসহ দেশের বন্যাদুর্গত পাঁচ জেলার জন্য আরো ৫০ লাখ টাকা এবং ২ হাজার ৯০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বুধবার এসব বরাদ্দ দিয়েছে। বরাদ্দ পাওয়া অন্য দুটি জেলা হল সিলেট ও জামালপুর।
এ নিয়ে বন্যার্তদের জন্য সরকারের পক্ষ থেকে ৩ কোটি ১৫ লাখ টাকা এবং ১০ হাজার ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ হল।
এছাড়া দুর্গত এলাকায় ১৬ হাজার ৮৯০টি ত্রিপল এবং ১৪ হাজার ৯৭টি প্লাস্টিক সিট সরবরাহ করা হয়েছে।
বুধবার বরাদ্দ দেওয়া ত্রাণের মধ্যে সিলেট, গাইবান্ধা ও বগুড়ার প্রত্যেক জেলায় ১০ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল; কুড়িগ্রামে ১০ লাখ টাকা ও ৮০০ মেট্রিক টন চাল এবং জামালপুরে ১০ লাখ টাকা ও ৬০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত জেলাগুলোর জরুরি স্বাস্থ্যসেবার জন্য আরো ৯৩টি চিকিৎসক দল গঠন করা হয়েছে। এ নিয়ে চিকিৎসক দলের সংখ্যা হলো ৮১০টি। এ চিকিৎসক দলগুলো দুর্গতদের স্বাস্থ্যসেবা ও ওষুধ দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর গাইবান্ধা প্রতিনিধি জানিয়েছেন, ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি কমতে শুরু করলেও বন্যা কবলিতদের দুর্ভোগের অবসান ঘটেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।
গাইবান্ধায় ২৮টি ইউনিয়নে প্রায় ৩ লাখ মানুষ বন্যাকবলিত হয়। পানি কমায় তারা বাড়িতে ফিরতে শুরু করলেও খাবার নিয়ে তারা সঙ্কটে রয়েছেন বলে জানিয়েছেন গাইবান্ধা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জি এম চৌধুরী মিঠু।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের কর্মকর্তা শাহ আলম জানান, এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য নগদ ১৫ লাখ টাকা এবং ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24