নারায়ণগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের দুর্দশা দেখে প্রকৌশলীর ওপর ক্ষোভ ঝেড়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার কুমিল্লা যাওয়ার পথে কাচপুরে বেহাল সড়ক দেখে গাড়ি থেকে নামেন মন্ত্রী। তিনি সড়ক মেরামত কাজ প্রতিনিয়ত করার জন্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।
মহাসড়কের দুর্দশা দেখে কাদের বলেন, “এটা যেন-তেন রাস্তা নয়, এটা মহাসড়ক। আর মহাসড়কের যত্রতত্র ভাঙ্গা, খানা-খন্দ, কতবার বলার পরও আইল্যান্ডে রং নেই।”
এজন্য প্রকৌশলীদের দায়িত্বহীনতাকে দায়ী করে তিনি বলেন, “তোমাদের জন্য মানুষের ভোগান্তি বাড়ছে। তোমরা সরকারকে শূন্য করে দিতে চাচ্ছ। বিদেশিরা যখন এই সড়ক দিয়ে আসবে, তখন বাংলাদেশ সম্পর্কে কী ভাববে?”
এক পর্যায়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী মো. সাহাবউদ্দিনকে উদ্দেশ্যে করে কাদের বলেন, “কাজের অবহেলার জন্য একবার শোকজ খেয়েছ, আবার তোমাকে শোকজ করা হবে।”
প্রকৌশলী সাহাবউদ্দিন তখন মন্ত্রীকে জানান, রাস্তা একবার মেরামত করা হয়েছিল, কিন্তু ভেঙে গেছে।
এই কথা শুনে মন্ত্রী বলেন, “যেখানেই রাস্তা ভাঙবে, সেখানেই মেরামত করতে হবে।। প্রতিদিন ভাঙলে প্রতিদিনই মেরামত করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১০ ঘ.
bdnews24