২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

মাগুরা পৌর বাস টার্মিনাল থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

মাগুরা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা পৌর বাস টার্মিনাল থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী বাস টার্মিনাল থেকে সবুজ খান (৩০) নামের ওই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সবুজ খান ঢাকার মিরপুর শেওড়াপাড়ার বাসিন্দা। মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকাগামী সোনালী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী সবুজ খানের ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদেরকে সবুজ বলেন, ১০ হাজার টাকার বিনিময়ে মাগুরা থেকে ঢাকার গাবতলী পর্যন্ত অস্ত্রগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন তিনি। এ ব্যাপারে মাগুরার আরিফ নামের এক ব্যক্তির সঙ্গে তার চুক্তি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫৪৯ ঘ.