২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মের নামে যাতে সন্ত্রাস না হয়: প্রধানমন্ত্রী

কোনো মহল যাতে ধর্মের নামে জঙ্গীবাদ ও সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 09:04 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো মহল যাতে ধর্মের নামে জঙ্গীবাদ ও সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি বলেন, “ইসলামের নামে জঙ্গীবাদ ও সন্ত্রাস সৃষ্টি করলে ধর্মের অবমাননা হয়। ধর্মের নাম ভাঙিয়ে ধর্মকে হেয় করা কখনো বরদাস্ত করব না।” “নানা ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে”, যোগ করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা’ প্রকল্পের শিক্ষার্থীদের মধ্যে বই এবং কোর্স সম্পন্নকারীদের মধ্যে কোরআন শরীফ ও সদন বিতরণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ। পরমতসহিষ্ণুতা ও স¤প্রীতির অটুট বন্ধনই হচ্ছে আমাদের চিরায়ত সাংস্কৃতিক অলঙ্কার। যে কোনো মূল্যে আমাদের ঐতিহ্যকে সমুন্নত রাখতে হবে।” “ইসলাম শান্তি, স¤প্রীতি, পরমতসহিষ্ণুতার ধর্ম। ইসলামের নামে যাতে কোনো মহল সমাজে অশান্তি সৃষ্টি করতে না পারে সেদিকে আপনারা সজাগ থাকবেন”, যোগ করেন তিনি। একটি নৈতিক মানসম্পন্ন সমাজ গড়ে তোলার জন্য ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, “মানুষের অন্তর্লোক আলোকিত হলেই সমাজ আলোকিত হবে।” মানুষকে কোরআন ও সুন্নাহর আলোকে নৈতিকতা শিক্ষায় উদ্বুদ্ধ করার কাজে এগিয়ে আসার জন্য ওলামা-মাশায়েখদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। ‘সবার জন্য শিক্ষা’ কর্মসূচি বাস্তবায়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে একটি ‘সময়োপযোগী পদক্ষেপ’ অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, “নিরক্ষরমুক্ত দেশ গড়তে মাদ্রাসা শিক্ষা বড় ভূমিকা রেখে যাচ্ছে। এতে মসজিদভিত্তিক শিক্ষারও গুরুত্ব রয়েছে।” আওয়ামী লীগের বিগত সরকারের সময়ে ১৯৯৬ সালে প্রকল্পটি চালু করা হলেও মাঝখানে বিএনপি-জামায়াত জোট সরকার এই কার্যক্রম স্থগিত রেখেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রকল্পটি আবার চালু করি।” বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার ওপরও গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে ৩০টি মডেল মাদ্রাসা স্থাপন, একশ মাদ্রাসায় কারিগরি কোর্স চালু, ৩১টি মাদ্রাসায় চারটি বিষয়ে অনার্স কোর্স চালু, কওমী শিক্ষা কমিশন গঠন এবং আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কোরআন শরীফ ডিজিটাল ফর্মে রূপান্তর করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করি। ছোট্ট একটা নোটবুকে সব থাকে।” ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব সামীম মোহাম্মদ আফজাল। মো. শাহজাহান খান প্রধানমন্ত্রীর হাতে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত কোরআন শরীফ ও বই তুলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৫০১ ঘ.