চাঁদপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলা শহরের ও আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হেয়েছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক দিন ধরে মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার মেঘনা নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার এবং ডাকাতিয়া নদীর পানি ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানান তিনি।
শহরের প্রফেসর পাড়া, বিষ্ণুদী রোড, আনন্দ বাজার, কোড়ালিয়া, ইচলীসহ কয়েকটি এলাকা পানিতে প্লাবিত হয়েছে বলে এলাকাবাসী জানান।
প্রফেসর এলাকার বাসিন্দা আবুল কালাম ও মো. মাহবুবুর রহমান জানান, বুধবার সকালে হঠাৎ করে মেঘনা নদীর পানি তাদের পুকুরে ও বাড়ির আঙিনায় ঢুকে পড়ে।
ইচলী এলাকার বাসিন্দা রিংকু, মিনহাজ জানান, গত দু’দিন ধরে ডাকাতিয়ার পানি বৃদ্ধি পাওয়ায় এখানকার পুকুরগুলো পানিতে ভরে গেছে।
নদী তীরবর্তী অনেক বসতঘরের আঙিনা জলমগ্ন হয়ে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছে বাসিন্দারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১৭ঘ.
bdnews24