২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগপত্র থেকে এনএসআই কর্মকর্তাদের বাদ দেন বাবর

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই কর্মকর্তারা যুক্ত থাকলেও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ ও স্বরাষ্ট্র সচিবের সম্মতিতে তাদের নাম বাদ দিয়ে ১০ ট্রাক অস্ত্র মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 04:14 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই কর্মকর্তারা যুক্ত থাকলেও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ ও স্বরাষ্ট্র সচিবের সম্মতিতে তাদের নাম বাদ দিয়ে ১০ ট্রাক অস্ত্র মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আদালতে আলোচিত মামলাটিতে সাক্ষ্য দিতে এসে পুলিশের তৎকালীন ডিআইজি (সিআইডি) ফররুখ আহমদ চৌধুরী এ কথা বলেন। ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনায় গঠিত সরকারি তদন্ত দলের সদস্য ছিলেন ফররুখ। তিনি সাক্ষ্যে বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি কবির উদ্দিন আমাকে জানান যে, শুধু চট্টগ্রামেরই নয় এনএসআই’র ডিজিসহ ঢাকার কিছু কর্মকর্তা জড়িত থাকলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে ও স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের অনুমোদনে তাদের নাম বাদ দিয়ে মামলার চার্জশিট দাখিল করা হয়।” ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটি ঘাটে অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সিআইডি’র এএসপি কবির উদ্দিন। আদালতে ফররুখ বলেন, সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে এনএসআই’র কর্মকর্তা আকবর হোসেন ঘটনার সঙ্গে জড়িত তা প্রতিবেদনে উল্লেখ করতে চায়। কিন্তু কমিটির প্রধান ওমর ফারুক ও সদস্য এনএসআই’র তৎকালীন পরিচালক রেজ্জাকুল হায়দার জানান, এটি প্রতিবেদনে উল্লেখের প্রয়োজন নেই। ফররুখ আহমদ বলেন, “মামলার তদন্ত কর্মকর্তাকে এনএসআই সহযোগিতা করছে না- জানতে পেরে বিষয়টি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করি। তিনি বলেন, কিছু বিষয়ে ন্যাশনাল ইন্টারেস্ট থাকে। এ কারণে আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে।” তিনি বলেন, “স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন- ১৯৯৬ সালে কক্সবাজারে এমন ট্রলার ভর্তি অস্ত্রশস্ত্র ধরা পড়েছিল। যার কোনো মামলাও হয়নি।” “স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে আমাকে নির্দেশ দেন যে সচিবের নেতৃত্বেই যেন কাজ করি।” “অস্ত্র আটকের ঘটনাস্থল পরিদর্শন করে আমি সেনানিবাসের তৎকালীন জিওসি মইন ইউ আহমদের সঙ্গে দেখা করে অস্ত্রের গন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।” ফররুখ বলেন, “তদন্ত কমিটির সদস্যরা ২০০৪ সালের ৮ এপ্রিল কাজ শেষ করে ঢাকায় চলে যায়। পরে মামলার তদন্ত কর্মকর্তা কবির উদ্দিন আমাকে ফোনে জানান ঘটনার সঙ্গে এনএসআই’র ফিল্ড অফিসার আকবর হোসেন ও চোরাকারবারী হাফিজুর রহমান জড়িত।” মঙ্গলবার বিকাল পৌনে ৪ টা থেকে সোয়া ৫ টা পর্যন্ত ফররুখ আহমদ আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। এরপর বিচারক ৪ জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ঠিক করেন। এদিন ফররুখ আহমদকে আসামির আইনজীবীরা জেরা করবেন। এর আগে দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত সরকারি তদন্ত কমিটির সদস্য সচিব ও তৎকালীন ডিআইজি (বিশেষ শাখা) শামসুল ইসলামকে আসামি পক্ষের চার আইনজীবী জেরা করেন। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটি ঘাটে খালাসকালে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান মামলায় পৃথক দুটি মামলা হয় কর্ণফুলী থানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এএল/২২০৪ ঘ.