২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছাত্র সংঘর্ষ, আহত একজনের মৃত্যু

পাবনার দু’টি কলেজের ছাত্রদের সংঘর্ষে আহত এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

পাবনা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার দু’টি কলেজের ছাত্রদের সংঘর্ষে আহত এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত মাজহারুল ইসলাম পাবনা কমার্শিয়াল কলেজের ২য় বর্ষের ছাত্র। তিনি পাবনা সদরের রাজাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সোমবার পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ এবং কমার্শিয়াল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে মাজহুরুল ইসলাম আহত হন। মঙ্গলবার সকাল ৭টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কমার্সিয়াল কলেজের কয়েকজন ছাত্রের হামলায় বুলবুল কলেজের এক ছাত্র আহত হয়েছেন। পাবনা থানার ওসি আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, সোমবার পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের প্রথম বর্ষের ক্লাসে কমার্শিয়াল কলেজের কয়েকজন ছাত্র এসে বসলে তাদের বের করে দেয় ওই ক্লাসের কয়েকজন ছাত্র। এর জেরে এ দুই কলেজের ছাত্রদের মধ্যে কথা কাটাকাটির থেকে সংঘর্ষ হয়। এ সময় মাজহারুল ইসলামকে প্রতিপক্ষের ছাত্ররা হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে প্রথমে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে কমার্শিয়াল কলেজের একদল ছাত্র বুলবুল কলেজে গিয়ে ছাত্রদের উপর হামলা করে। এতে বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ত্রিপুরা (২০) আহত হন। তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি আফজাল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১৫৪ ঘ.