২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধিত রেজিস্ট্রেশন বিল সংসদে

ইসলাম ধর্মাবলম্বীদের হেবার মতো অন্যান্য ধর্মাবলম্বীদের সম্পত্তি দানের ক্ষেত্রে নামমাত্র রেজিস্ট্রেশন ফি দেওয়ার বিধান রেখে ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল সংসদে উত্থাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলাম ধর্মাবলম্বীদের হেবার মতো অন্যান্য ধর্মাবলম্বীদের সম্পত্তি দানের ক্ষেত্রে নামমাত্র রেজিস্ট্রেশন ফি দেওয়ার বিধান রেখে ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল সংসদে উত্থাপিত হয়েছে। বিলটি আইনে পরিণত হলে মুসলিমদের মতো হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরাও নামমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে সম্পত্তি হস্তান্তর করতে পারবেন। জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ। পরে বিলটি এক মাসের মধ্যে যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। রেজিস্ট্রেশন অ্যাক্ট-১০৯৮ এর সংশোধন করতে বিলটি উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, মুসলিম ব্যাক্তিগত আইনের অধীন মৌখিক হেবা ঘোষণার মাধ্যমে সম্পত্তি হস্তান্তর দলিল নামমাত্র ফি দিয়ে রেজিস্ট্রেশনের বিধান থাকলেও হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তা নেই। এই আইনের আওতায় তারা একইভাবে সম্পত্তি হস্তান্তর করতে পারবেন। গত ২১ মে মন্ত্রিসভার বৈঠকে বিলটি চূড়ান্ত অনুমোদন পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১৩৬ ঘ.