২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে যুবক কারাগারে

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

নেত্রকোনা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত গ্রেপ্তার আশিক মাহমুদ খান বাবু (২৩) উপজেলার কাশতলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং গোপালপুর বাজারের ‘বাবু মোবাইল সার্ভিসিং সেন্টার’র মালিক। সোমবার সকালে পুলিশ বাবুকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আদালতে হাজির করলে বিচার বিভাগীয় হাকিম হুমায়ূন কবীর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইদিন আদালতে তার জবানবন্দি নেওয়া হয় বলেও পুলিশ জানিয়েছে। বারহাট্টা থানার ওসি সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির ছবি বিকৃত করার অভিযোগে ২৯ জুন থানায় একটি মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সেন্টু। মামলার আসমিরা হলেন মোবাইল ফোন মেরামতকারী আশিক মাহমুদ খান বাবু এবং উপজেলার আন্দাদিয়া গ্রামের রিকশা চালক বিল্লাল মিয়া (৩০)। মামলার বাদী দীপক কুমার সাহা বলেন, শুক্রবার (২৯ জুন) সকালে রিকশা চালক বিল্লাল মিয়া বারহাট্টা বাজারে একটি চায়ের স্টলে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বিকৃত ছবি তার মোবাইল ফোন সেটে উপস্থিত কয়েকজনকে দেখান। ওই ছবিতে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর ছবির মাথা থেকে গলা পর্যন্ত কেটে নিয়ে দুইটি শিশুর নগ্ন ছবিতে বসানো হয়। তিনি আরো বলেন, ছবি প্রদর্শনকালে ওই স্টলে উপস্থিত সবুজ মিয়া ও কিসমত আলী নামে আওয়ামী লীগের স্থানীয় দুই কর্মী ওই মোবাইল ফোন সেট কেড়ে নেন। এ সময় রিকশা চালক বিল্লাল মিয়া পালিয়ে যান। নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, ২০০৬ সালের তথ্য প্রযুক্তি আইনের ৮০ ধারায় এই দু’জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর বাবুর মোবাইল সার্ভিসিং সেন্টারের একটি কম্পিউটার জব্দ করা হয়েছে। এ সময় বাবু দোকানে ছিলেন না। জব্দ করা কম্পিউটারেও এই ছবি পাওয়া গেছে। এস আই আলাউদ্দিন আরো বলেন, মঙ্গলবার বিকালে নেত্রকোনার বিচার বিভাগীয় হাকিম হুমায়ুন কবীরের আদালতে বাবু ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৫ ঘ.