২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাব্য সংকটে ৪৭ নৌপথ মৃতপ্রায়

নদীর নাব্যতার অভাবে ৪৭টি নৌপথ বন্ধ হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদীর নাব্যতার অভাবে ৪৭টি নৌপথ বন্ধ হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “নদীর নাব্যতার অভাবে এসব নৌ-পথ মৃতপ্রায়। নৌ-পথগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের ড্রেজিং করার পরিকল্পনা রয়েছে।” এদিকে যাত্রী সংকটের কারণে শুরুর অল্প দিনের মধ্যেই বন্ধ হয়ে গেছে সদরঘাট-গাবতলী রুটে চালু হওয়া ওয়াটার বাস। কামাল আহম্মেদ মজুমদারের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শাজাহান জানান, ওয়াটার বাস দুটিতে যাত্রী না হওয়ায় লোকসানের পরিমাণ বেড়ে যাচ্ছিলো। ফলে এ দুটি ওয়াটার বাস আপাতত বন্ধ রয়েছে।” এ ছাড়া কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের বিষয়েও কথা বলেন মন্ত্রী। মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, আর্থিক জোগানের বিষয়টি নিশ্চিত হলে কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ শুরু হবে। “প্রথম পর্যায়ে ৯টি জেটিসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে ২৪টি জেটি ২০৩৫ সালে এবং তৃতীয় পর্যায়ে ২০৫৫ সালে ৫৬টি জেটি নির্মান করা হবে।” বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন লিখিত প্রশ্নে মন্ত্রীর কাছে জানতে চান এ পর্যন্ত কতজন নৌ-যান চালককে দক্ষতা সনদ দেওয়া হয়েছে। জবাবে মন্ত্রী শাজাহান বলেন, সমুদ্র পরিবহন অধিদপ্তরের আওতায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ১২৮ জন নৌ-যান চালককে দক্ষতা সনদ দেওয়া হয়েছে। অননুমোদিত নৌ-যান চালকের কোনো হিসাব বা পরিসংখ্যান নেই বলেও জানান তিনি। বিডিনিউজ ােয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৯৫৪ ঘ.