সাভার, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুন মাসে অসন্তোষের সময় মালিক পক্ষের ঘোষিত চার দিন কারখানা বন্ধ থাকাকালের মজুরি প্রদানে মালিকের প্রতিশ্রুতি পেয়ে শান্ত হয়েছে আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার থেকে টানা দুই দিন কর্মবিরতি পালন করে এ কারখানার প্রায় আড়াই হাজার শ্রমিক।
মঙ্গলবার কয়েকজন শ্রমিক কারখানা থেকে বেরিয়ে রাস্তায় যানবাহন চলাচলে বাধা দিলে এবং ভাঙচুরের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
মজুরি বাড়ানোর দাবিতে গত ১১ জুন থেকে শ্রমিক অসন্তোষের পর আশুলিয়ার ৩৫০টি পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
এ সময় চারদিন সব বন্ধ থাকার পর পুনরায় খুলে দেওয়া হয় কারখানাগুলো।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপ-পরিচালক ফয়েজুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজিএমইএ ও বিকেএমই-এর ঘোষিত ওই চার দিনের কারখানা বন্ধের সময়ের মজুরির দাবিতে সোমবার বিক্ষোভ শুরু করে নরসিংহপুর এলাকার ‘নিট এশিয়া লিমিটেড’ এর শ্রমিকরা।
মঙ্গলবার সকালেও কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি করে তারা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, অন্য কারখানা কর্তৃপক্ষ ওই চারদিনের মজুরি দেওয়ার কথা বললেও নিট এশিয়ার কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে।
এ কারণে শ্রমিকরা সোমবার সকালে আন্দোলন শুরু করে বলে জানান তারা।
নিট এশিয়ার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শ্রমিকদের দাবি-দাওয়া সোমবারই মেনে নিয়েছি। কিন্তু শ্রমিকরা তা বিশ্বাস করতে চাইছে না।”
তিনি জানান, দুপুরে কারখানার মালিক আব্দুল মতিন চৌধুরী এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের দাবি মেনে নেওয়ার কথা বললে পরিস্থিতি শান্ত হয়।
এরপর কারখানায় এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বাড়ি চলে যায়।
বুধবার থেকে শ্রমিকরা কাজে যোগদান করবে বেল আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএইচপি/১৭৪৭ঘ.
bdnews24