ভোলা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রসমাজ কর্মীদের সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষে আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন অভিযোগ করেন, দুপুরে কয়েকজন বহিরাগত যুবক কলেজে অবস্থান করছিল। সাধারণ ছাত্ররা তাদের চলে যেতে বললে তারা কলেজ ছাত্রলীগের সম্পাদকসহ অন্তত ৭/৮ জনকে পিটিয়ে আহত করে।
অন্যদিকে কলেজ শাখা ছাত্রসমাজ নেতা শফিকুল ইসলাম অভিযোগ করেন, কলেজের কয়েকজন সাধারণ ছাত্রসহ ছাত্রসমাজের ছেলেরা ক্যাম্পাসে অবস্থানকালে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়।
এ সময় তাদের উপর হামলাও চালানো হয়। হামলায় তাদের ৫/৬ জন আহত হয়।
ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ মহসিন গোলদার বলেন, ছাত্রসমাজের কমিটি গঠন নিয়ে ছাত্রলীগ ও ছাত্রসমাজের ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যপারে ভোলা সদর থানার ওসি সোহরাব আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৪২ ঘ.
bdnews24