চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অব্যবস্থাপনা ও রোগীদের দুর্ভোগ দেখে ড. মিজানুর রহমান বললেন, হতাশাজনক পরিস্থিতির জন্য দায়ীদের পদে থাকারই নৈতিক অধিকার নেই।
মঙ্গলবার চট্টগ্রামে এক কর্মশালায় যোগ দিতে এসে আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
হাসপাতালের বহির্বিভাগ ও কয়েকটি ওয়ার্ড ঘুরে সাংবাদিকদের তিনি বলেন, “হাসপাতালে যে ধরনের সেবার মান থাকা দরকার বলে আমরা মনে করি তা এখানে নেই। বরং চিত্র খুবই হতাশাজনক।”
হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, “প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের সংশ্লিষ্ট পদে থাকার নৈতিক অধিকার নেই।”
সুস্থ মানুষ এখানে এলে অসুস্থ হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
হাসপাতালের দুর্নীতির প্রসঙ্গে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, “সরকারিভাবে বরাদ্দকৃত বিনামূল্যের ওষুধও রোগীর আত্মীয়দের বাইরের দোকান থেকে কিনতে হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
চমেক হাসপাতাল প্রসঙ্গে মানবাধিকার কমিশন থেকে সুপারিশমালা পাঠাবেন বলেও জানান মিজান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচপি/এএল/১৭৩৮ ঘ.
bdnews24