ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্ম ও মৃত্যু নিবন্ধন করানোর সময় কারসাজি ঠেকাতে আইন সংশোধন ও অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া দেশজুড়ে চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানান, হাতে লেখা জন্ম সনদে বয়সে কারসাজির খবর পাওয়া যাচ্ছে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, সংশোধিত আইন অনুযায়ী জন্ম ও মৃত্যুর পাঁচ বছর পর নিবন্ধনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে।
অনলাইন নিবন্ধন প্রক্রিয়া এবং জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুমোদনের বিধান বয়স-সংক্রান্ত অনিয়ম বন্ধে সহায়তা করবে বলে তিনি জানান।
নানক জানান, বিদ্যালয়ে ভর্তি, ভোটার তালিকায় নাম ওঠানো, মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া ও অপ্রাপ্তবয়স্কদের কাজে বিদেশ পাঠানোর জন্য বয়স বাড়ানো-কমানো হয়।
২০০৪ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের পর বিদ্যালয় ভর্তি, বিবাহ, ভোটার তালিকায় অন্তর্ভূক্তি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়াসহ ১৬টি ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করেছে সরকার।
সর্বশেষ নথি অনুযায়ী, ২০১২ সালের মার্চ পর্যন্ত ১৪ কোটি ৯৩ লাখ জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে।
২০১০ সালে অনলাইন জন্ম নিবন্ধন চালু হওয়ার পর ৫৫টি জেলা ও বিদেশে বাংলাদেশের সবগুলো দূতাবাস এই কর্মসূচির আওতায় এসেছে। এখন পর্যন্ত ৪ কোটি ৪০ লাখ নিবন্ধনের তথ্য অনলাইন প্রক্রিয়ায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
নানক জানান, ২০১৩ সালের ১ জুলাইয়ের পর থেকে যাতে আর কোনো হাতে লেখা সনদ ইস্যু না করা হয় তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০০৪ সালের আইন সংশোধনের যথার্থতা তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, অনেক দেশেই জন্মের ৩০ থেকে ৪০ দিন পর জন্ম নিবন্ধন করতে চাইলে উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
“এক্ষেত্রে আমরা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনের বিধান রেখেছি,” বলেন তিনি।
জন্ম নিবন্ধন প্রক্রিয়ার কারণে দেশে বাল্য বিবাহ কমেছে বলে দাবি করেন নানক।
তিনি বলেন, দু’বছর পর জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের কাজ শেষ হলে এটাকে রাজস্ব খাতের আওতায় আনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এসইউ/১৭৩৪ ঘ.
bdnews24