২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ জুলাই থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা

নৌযান শ্রমিকদের মজুরি বাড়ানোসহ ১৬ দফা দাবিতে ৯ জুলাই থেকে কর্ম বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 07:16 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌযান শ্রমিকদের মজুরি বাড়ানোসহ ১৬ দফা দাবিতে ৯ জুলাই থেকে কর্ম বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ৫ জুলাইয়ের মধ্যে নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৫ হাজার টাকাসহ ১৬ দফা দাবির নিষ্পতি সরকার না করলে ৮ জুলাই রাত ১২ টার পর থেকে কর্মবিরতিতে যাবে নৌযান শ্রমিকরা। তিনি বলেন, যাত্রীবাহী, তেলবাহী, বালুবাহী, বাল্কহেড ও সামুদ্রিক মৎস শিকারি জাহাজে কর্মরত শ্রমিকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতির পালন করবে। তাদের অন্যান্য দাবি-দাওয়ার মধ্যে রয়েছে, প্রত্যেক নৌযান শ্রমিকদের নিয়োগপত্র ও সাভির্স বুক দেওয়া, মাসিক বেতন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে দেওয়া, ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড চালু, চিকিৎসা ভাতা ১ হাজার টাকা করা, কর্মরত অবস্থায় মারা যাওয়া শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়া, কাজের সময় ৮ ঘণ্টা নির্ধারণ ইত্যাদি। সংবাদ সম্মেলনে চৌধুরী আশিকুল ছাড়াও সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৩১২ ঘ.