ঝালকাঠী, ০৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নসিমন করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধ করাসহ ছয় দফা দাবিতে ঝালকাঠীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
ঝালকাঠী বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার সকাল থেকে ঝালকাঠী থেকে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটের বাস চলাচল বন্ধ রেখেছে।
ঝালকাঠী বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আকন বিডিনিউজ টোয়েন্টিরফার ডটকমকে জানান, নসিমন করিমনসহ সকল অবৈধ যানবহন বন্ধ করাসহ ছয় দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
“একাধিকবার এসব দাবি করা হলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আমরা ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি”, বলেন তিনি।
একই দাবিতে গত দুই দিন খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জেলায় পরিবহন ধর্মঘট পালিত হয়।
এদিকে, ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বরিশালের বিএম কলেজের ছাত্র মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝালকাঠীর প্রায় তিন হাজার শিক্ষার্থী প্রতিদিন বাড়ি থেকে বাসে করে কলেজ করেন। পরিবহন ধর্মঘটের কারণে সকালে অসংখ্য শিক্ষার্থী বাসস্ট্যান্ড থেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে ভাড়ায় চালিত মটরসাইকেলসহ বিভিন্ন বিকল্প যানবাহনে চলাচল করতে দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪০ঘ.
bdnews24