২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

সিলেটে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন আরো ১৬৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

সিলেট, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন আরো ১৬৩ জন। রোববার থেকে সিলেটের ১২ উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। সে সময় আক্রান্ত হয় ২৩১ জন। মঙ্গলবার তা বেড়ে ৩৯৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে সিলেটের সিভিল সার্জন ডা. কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পর্যন্ত এক হাজার ৮০টি খাবার স্যালাইন ও এক হাজার ৭১৪টি ট্যাবলেট বিতরণ করা হয়েছে। তিনি জানান, জেলায় বন্যা পরবর্তী রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় ১৫৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ৭০টি টিম দুর্গত এলাকায় কাজ করছে। ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ মোকাবিলায় পর্যাপ্ত ওষুধসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান ডা. কামরুল। এদিকে সুরমা ও কুশিয়ারার উজানে পানি কমায় সিলেটে বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। সবকটি বন্যাদুর্গত এলাকায়ও পানি কমা অব্যাহত রয়েছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী নিহার রঞ্জন দাস জানান, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সিলেট পয়েন্টে ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। কুশিয়ারার পানি জকিগঞ্জের অমলসিদ পয়েন্টে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার ও বিয়ানীবাজারে শেওলা পয়েন্টে ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১১৪৫ ঘ.