২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগামী বছরই জন্ম নিবন্ধনের সব তথ্য অনলাইনে’

২০১৩ সালের জুন মাসের মধ্যে দেশের সব জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৩ সালের জুন মাসের মধ্যে দেশের সব জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জন্ম নিবন্ধন দিবস’ উপলক্ষে সোমবার এক বাণীতে তিনি বলেন, “আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ২০১৩ সালের জুন মাসের মধ্যে আমরা দেশের সকল জন্ম নিবন্ধন তথ্য অনলাইনভুক্ত করতে সক্ষম হব।” প্রতিবছর জুলাই মাসের ৩ তারিখ স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে জন্ম নিবন্ধন দিবস পালিত হয়ে আসছে। দিবসটির এবছরের প্রতিপাদ্য ‘শিশু অধিকার করতে সুরক্ষণ-৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন’। “ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপ হিসেবে আমরা ২০১০ সাল থেকে অনলাইন জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে দেশের ৫৫টি জেলা ও বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহ এ কার্যক্রমের আওতায় এসেছে,” বলেন শেখ হাসিনা। তিনি বলেন, শিশুর বিভিন্ন অধিকার নিশ্চিত করা এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নাগরিক অধিকার রক্ষায় জন্ম নিবন্ধনের গুরুত্ব অপরিসীম। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ সফলতার সাথে সারা দেশে প্রায় ১৪ কোটি ৯৩ লাখ জন্ম নিবন্ধন সম্পন্ন করেছে। জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করতে সঠিক জন্ম তথ্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যেক বাবা-মা ও অভিভাবক তাদের নবজাতক সন্তানদের জন্ম নিবন্ধন করিয়ে এই কার্যক্রম শতভাগ সফল করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৯৪৭ ঘ.