২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি বদলির প্রতিবাদে বিক্ষোভ

ওসি বদলির প্রতিবাদে নগরীর বায়েজিদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসি বদলির প্রতিবাদে নগরীর বায়েজিদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় আড়াই শতাধিক স্থানীয় লোকজন এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বায়েজিদ থানার ওসি উত্তম কুমার চক্রবর্তীর বদলির প্রতিবাদ জানায়। ওসি উত্তম কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বায়েজিদ থানা থেকে পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) আমার বদলির বিষয়ে নির্দেশ পাই। এ খবর জানাজানি হলে স্থানীয়রাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এর প্রতিবাদে থানার সামনে অবস্থান নেয়।” বায়েজিদ থানা আওয়ামী লীগের সহ সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওসি উত্তম কুমার চক্রবর্তী একজন ভালো মানুষ। তিনি এই থানায় আসার পর এলাকার অনেক অপরাধ কমে গেছে।” তিন মাস আগে উত্তম কুমার চক্রবর্তী এই থানায় বদলি হয়ে আসেন বলে জানান তিনি। স্থানীয়রা জানায়, ওসি উত্তম কুমার চক্রবর্তী এ থানায় আসার পর এ এলাকায় মাদক ব্যবসা, মারামারি, জমিদখলসহ নানা অপরাধ হ্রাস পেয়েছে। ওসিকে বদলির নির্দেশ পরিবর্তনের জন্য পুলিশের উচ্চ পদস্ত কর্মকর্তাদের কাছে আবেদন জানানো হবে- বায়েজিদ থানার কর্মকর্তাদের এমন আশ্বাসের পর আন্দোলন স্থগিত করে স্থানীয়রা। পুলিশ উপ কমিশনার (উত্তর) মিরাজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বায়েজিদ থানার ওসির বদলির বিষয়টি প্রশাসনের সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত অনুযায়ী তাকে ডিবিতে যোগদান করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৮৪১ ঘ.