বরিশাল, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন মটরসাইকেল আরোহী এক চিকিৎসক। এ সময় আহত হন ওই মটরসাইকেলের চালক।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, সোমবার দুপুরে গৌরনদী-আগৈলঝাড়া সড়কের বড়বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র নাথ গাইন রবীন (৬০) আগৈলঝড়া উপজেলার বাত্রা গ্রামের প্রয়াত সুরেন্দ্র নাথ গাইনের ছেলে। তিনি আগৈলঝড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন। সম্প্রতি অবসরকালীন ছুটিতে যান তিনি।
আহত মোটরসাইকেল চালক মসিউর রহমান সোহেল কেমিকো ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুড় দেড়টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার আলামিন ফার্মেসি থেকে বের হয়ে সোহেলের মোটরসাইকেলে করে বাত্রা গ্রামে বাড়ির উদ্দেশ্যে রওনা হন রবীন।
“গৌরনদী-আগৈলঝড়া সড়কে বড়বাড়ীর সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হলে রবীনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা।”
গুরুতর আহত সোহেলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালক মো. মনির হাওলাদার ও তার সহকারী চান মিয়াকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৭৪৩ ঘ.
bdnews24