ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন গ্রাহকের স্থায়ী আমানতপত্র (এফডিআর) আত্মসাতের অভিযোগ উঠেছে আইসিবি ইসলামী ব্যাংকের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে।
প্রায় এক কোটি টাকার এফডিআর আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মামলা করার পরে বাদিকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন মামলার বাদি পুরানো ঢাকার ব্যবসায়ী সৈয়দ খালেদ হাসেম।
তিনি সাংবাদিকদের জানান, আইসিবি ইসলামী ব্যাংকের বংশাল শাখায় প্রায় এক কোটি টাকার একটি এফডিআর হিসাব রয়েছে তার। এ হিসাব থেকে ৭৪ লাখ টাকা ঋণ ও তার সুদ ও অন্যান্য ফি বাবদ প্রায় এক কোটি টাকা অবৈধভাবে উত্তোলন করা হয়।
কিন্তু ঋণের ওই ৭৪ লাখ টাকা তিনি হাতে পাননি বলে জানান খালেদ হাশেম।
তিনি অভিযোগ করেন, আইসিবি ইসলামী ব্যাংকের বংশাল শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক ইশতিয়াক আহমেদ চৌধুরী, প্রধান কার্যালয়ের ঋণ আদায় বিভাগের প্রধান (হেড অফ রিকভারি) কিষাণ সিনহা রায় ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা হোসেন পাঠান পরষ্পরের যোগসাজশে এ টাকা আত্মাসাত করেছেন।
সৈয়দ খালেদ হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালের ৪ জানুয়ারি ওই কর্মকর্তাদের বিরুদ্ধে টাকা আত্মসাৎসহ প্রতারণার অভিযোগে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানি মামলা করেন।
মামলার আর্জিতে বলা হয়, বাদিকে ঋণের ৭৪ লাখ টাকা না দিয়ে তার হিসাব থেকে অবৈধভাবে উত্তোলন করাসহ হিসাব থেকে সুদ ও অন্যান্য চার্জ কাটা হয়।
এ মামলায় গত ২৬ ফেব্র“য়ারি বাদির অনুকূলে ১ কোটি ৮ লাখ ৩৬ হাজার ১২৬ টাকা ডিক্রি দেয় তৃতীয় যুগ্ম জেলা জজ আদালত। এ ডিক্রিটি কার্যকর করার জন্য মামলা করবেন বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাদি খালেদ হাশেম।
এছাড়া খালেদ হাসেম চলতি বছরের ২৪ মে ঢাকার নির্বাহী হাকিমের আদালতে ওই এফডিআর হিসাব উদ্ধারের জন্য মামলা করেছেন।
ঢাকার নিবার্হী হাকিম নাসরিন সুলতানা এফডিআর উদ্ধারের ব্যাপারে অনুসন্ধান পরোয়ানা (সার্চ ওয়ারেন্ট) জারি করে বংশাল থানার ওসি বরাবর তা পাঠিয়ে দেন।
সে অনুযায়ী বংশাল থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম ওই ব্যাংকের শাখা তল্লাশী করেন। কিন্তু ওই এফডিআর হিসাব উদ্ধারে ব্যর্থ হন তিনি।
এ বিষয়ে অনুসন্ধানের জন্য যোগাযোগ করা হলে আইসিবি ইসলামী ব্যাংকের রিকভারি বিভাগের কর্মকর্তা হোসেন পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এফডিআরটি বাদির ঋণ হিসাবে (অ্যাকাউন্টে) জমা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/১৭৩০ ঘ.
bdnews24