২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে বাস চলাচল বন্ধ

চাঁদার দাবিতে পরিবহন শ্রমিককে মারধর করার প্রতিবাদে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে এলোপাথাড়ি বাস রেখে আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

নারায়ণগঞ্জ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদার দাবিতে পরিবহন শ্রমিককে মারধর করার প্রতিবাদে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে এলোপাথাড়ি বাস রেখে আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে আড়াই ঘণ্টা এই সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষুদ্ধ শ্রমিকদের শান্ত করলে সড়কে যান চলাচল শুরু হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিটি কর্পোরেশনের চাঁদা আদায় নিয়ে একটু ঝামেলা হয়। পরে দু’পক্ষের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধান হয়েছে বলে জানান তিনি। শীতলক্ষ্যা পরিবহনের পরিচালক (অর্থ) পরেশ ম-ল সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে শীতলক্ষ্যা ও দুরন্ত পরিবহনের প্রায় ৮০টির মত বাস চলাচল করে। গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন ও তার ভাই জজ মিয়া শীতলক্ষ্যা ও দুরন্ত পরিবহনের বাস প্রতি প্রতিদিন ৪শ’ টাকা করে চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকার কাউন্টারে থাকা দুই কর্মচারীকে মারধর করে। এ কারণে পরিবহন শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে সকাল ১০টা থেকে বাস ধর্মঘট পালন করে। অন্যদিকে কাউন্সির নূর হোসেন অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার লোকজন নয়। সিটি কর্পোরেশনের ইজারাদারের লোকজন সেখানে গিয়েছিল চাঁদা আদায়ের জন্য।” কাউন্টারের পরিবহন শ্রমিকদের মারধরের ব্যাপারে কিছু জানেন না বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১১ঘ.