ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামে তিনটি এবং রংপুরে একটি মানহানির মামলা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের দুটি এবং রংপুরের মামলায় তাকে তলব করেছে আদালত।
সোমবার চট্টগ্রাম মহানগর আওয়ামী ওলামা লীগের সভাপতি আলতাফ হোসেন এবং চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি শিবাশিষ দত্ত অসীম মুখ্য মহানগর হাকিম আদালতে পৃথক দুটি মামলা করেন। বিকালে শুনানি শেষে বিচারক এটিএম নিজামুল হক আগামী ৩০ সেপ্টেম্বর মাহফুজুরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
এছাড়া সোমবার রংপুরের স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রকৌশলী ইসা রুহুল্লা আবির জেলার জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়েরের পর বিচারক একেএম মনসুর আলম আগামী ২ অক্টোবর মাহফুজুরকে আদালতে হাজির হতে বলেছেন।
একই অভিযোগে মাহফুজের বিরুদ্ধে ঢাকা, কুমিল্লা, কক্সবাজার, সিলেটে, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর ও দিনাজপুরে আটটি মামলা হয়। এর মধ্যে নড়াইল ও দিনাজপুরে করা দুটি মামলায়ও তাকে তলব করেছে আদালত।
তবে ঢাকায় যুবলীগ নেতার করা মামলা অসুস্থতার কথা বলে বাদী বৃহস্পতিবার প্রত্যাহার করে নেন।
গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এটিএন বাংলা চেয়ারম্যান।
এক পর্যায়ে তিনি সাংবাদিক দম্পতিকে ‘পরকীয়ার বলি’ বলেও উল্লেখ করেন। ওই মন্তব্যের পর সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও মাহফুজকে গ্রেপ্তারের দাবি ওঠে।
এর মধ্যেই একুশে টেলিভিশনে প্রচারিত নতুন আরেকটি ভিডিওতে তাকে বলতে দেখা যায়, “আরে, প্রাইম মিনিস্টার কত না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি ড্রয়িংরুম পাহারা দেওয়ার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে, বেশি কথা বলতে বলতে বাচালের ফট করে একটা মিসটেক হয়ে যায় না, এ রকম একটা মিসটেক হয়ে গেছে।”
তার এই বক্তব্যকে কেন্দ্র করেই গত বুধবার থেকে সোমবার পর্যন্ত ১১টি মামলা হল।
এদিকে বাংলাদেশ আইন সহায়তা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তারেক খান চৌধুরী চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অপর মামলাটি করেন।
মহানগর হাকিম মুনতাসির আহমেদ মামলাটি গ্রহণ করে চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএইচপি/আরএ/১৯০৪ ঘ.
bdnews24