সিলেট, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ডায়রিয়া প্রকোপ ছড়িয়ে পড়ছে।
সিলেটের সিভিল সার্জন কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল পর্যন্ত জেলার ১১টি উপজেলায় ২৩১ জন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
“গোয়াইনঘাটে ৩৪ জন, জকিগঞ্জে ৪৫, সিলেট সদরে ৩৪, বিয়ানীবাজারে ১৮, কানাইঘাটে ২৫, কোম্পানীগঞ্জে ২৫, জৈন্তাপুরে ৯, বিশ্বনাথে ১৯, ফেঞ্চুগঞ্জে ৮, দক্ষিণ সুরমায় ৮ ও বালাগঞ্জে ৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।”
তিনি বলেন, আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্যা পরবর্তী রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় ১৫৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ৭০টি টিম দুর্গত এলাকায় কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
এদিকে সুরমা ও কুশিয়ারার উজানে পানি কমায় সিলেটের বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী নিহার রঞ্জন দাস জানান, সোমবার দুপুর ১২টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সিলেট পয়েন্টে বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছিল।
কুশিয়ারার পানি জকিগঞ্জের অমলসিদ পয়েন্টে ১৫ সেন্টিমিটার ও বিয়ানীবাজারে শেওলা পয়েন্টে বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা রফিুকল ইসলাম জানান, বন্যায় সিলেট জেলার প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৪২৫ ঘ.
bdnews24