খুলনা/বাগেরহাট, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়কে ব্যাটারি ও ডিজেলচালিত ও তিন চাকার বাহন চলাচল বন্ধের দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের ৬ জেলায় টানা দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে।
রোববারের মতো সোমবারও খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুর থেকে কোনো বাস ছেড়ে যায়নি। ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এদিকে চুয়াডাঙ্গা বাস-মিনিবাস মালিক সমিতিও সোমবার সকাল থেকে একই দাবিতে ধর্মঘট শুরু করেছে।
এই পরিস্থিতিতে খুলনায় পুলিশের উপ মহা পরিদর্শক মেজবাহউদ্দিন আহমেদ আলোচনার জন্য পরিবহন মালিকদের তার কর্যালয়ে ডেকেছেন।
বাগেরহাট আন্তঃজেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাসুম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নসিমন-করিমনের মতো অবৈধ বাহনের কারণে বাসযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। প্রশাসনের কাছে এসব যান বন্ধের দাবি জানানো হলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।
বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কে এসব বাহনের চলাচল বন্ধের দাবিতে খুলনার রূপসা, বাগেরহাটের আটটি মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের ডাকে রোববার থেকে অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘট শুরু হয়।
পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, ঝালকাঠি ও বরিশালের বাস মালিক সমিতিগুলো এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ধর্মঘটে যোগ দিলেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা হওয়ায় সাতক্ষীরায় রোববার সন্ধ্যায় ধর্মঘট তুলে নেওয়া হয়।
খান মনির হোসেন বলেন, “খুলনার ডিআইজি আলোচনার জন্য আমাদে ডেকেছেন। সোমবার বেলা ১১টায় বৈঠক শুরু হওয়ার কথা। আমরা আমাদের দাবিগুলো বৈঠকে তুলে ধরব।”
এদিকে নছিমন, করিমন ও আলমসাধু চলাচল বন্ধের দাবিতে চুয়াডাঙ্গাতও সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ নাসির জোয়ার্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব অবৈধ যানবাহন চলচল বন্ধের জন্য প্রশাসনকে একাধিকবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে আজ সকাল ৬টা থেকে আমারা ধর্মঘট শুরু করেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৫৮ ঘ.
bdnews24