২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুবায়ের হত্যা: ন্যায়বিচার নিয়ে শঙ্কা পরিবারের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিহত এই শিক্ষার্থীর বাবার সন্দেহ, এ হত্যাকাণ্ড নিয়ে অদৃশ্যে কেউ কলকাঠি নাড়ছে। আহমেদ সজলের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

আহমেদ সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় তার পরিবার। জুবায়েরের বাবা তোফায়েল আহমেদ রোববার সাংবাদিকদের বলেন, “এ হত্যাকাণ্ড নিয়ে সম্ভবত অদৃশ্যে কেউ কলকাঠি নাড়ছে। এই বিচার প্রক্রিয়া নিয়ে আমরা সন্তুষ্ট নই, বিচার বিভাগীয় তদন্তের দাবি না মানায় আমরা উদ্বিগ্ন।” জুবায়েরর মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে এদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অনুদানের দুই লাখ টাকার চেক নেওয়ার পর এ অসন্তোষের কথা জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ও ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েরকে গত ৮ জানুয়ারি সন্ধ্যায় কুপিয়ে জখম করে ছাত্রলীগের এক দল কর্মী, যারা সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের মদদপুষ্ট ছিল। পরদিন ভোরে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৩ ছাত্রকে আসামি করে একটি মামলা হয়। ঘটনায় জড়িত থাকায় ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন একটি তদন্ত কমিটিও গঠন করে। জুবায়ের হত্যাকাণ্ডের পর পরই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি এনামুল কবিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও খুনিদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ এনে লাগাতার আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র সমাজ। আন্দোলনের মুখে তাকে গত ১৭ মে পদ ছাড়তে হয়। নতুন উপাচার্য হিসাবে ইতোমধ্যে দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন। তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, জুবায়ের হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার হয়েছে। বাকি নয় আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। পুলিশ সদিচ্ছা ও আন্তরিকতার পরিচয় দিলে তাদের গ্রেপ্তার সম্ভব। “জুবায়েরের মতো কাউকে যেন জীবন দিতে না হয়, কোনো বাবা-মা যেন এভাবে তাদের সন্তান না হারান,,,,,,,,, আমার বাবার (জুবায়ের) হায়াত (আয়ু) হয়ত এ পর্যন্তই ছিল, আপনারা তার জন্য দোয়া করবেন,” বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তোফায়েল আহমেদ। জুবায়েরের বড় ভাই সিলেটের লিডিং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিরা ধরাছোঁয়ার বাইরে নয়, বরং পুলিশ তাদের গ্রেপ্তারে আন্তরিক নয়। বর্তমান প্রশাসনের কাছে আমরা এ ব্যাপারে আন্তরিকতা আশা করেছি।” জুবায়ের হত্যার পরিকল্পনাকারীরা নিরাপদে থাকা, বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পরিবারের কাছে প্রকাশ না করা ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মামুন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটির প্রধান ও উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনের আন্তরিকতার কারণেই চার আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে পুলিশের পক্ষে। “সাগর-রুনি হত্যাসহ বড় বড় ঘটনায় পুলিশ কোনো কূল-কিনারা করতে পারেনি,” এই প্রসঙ্গে বলেন তিনি। তদন্ত প্রতিবেদন প্রকাশ না করা প্রসঙ্গে উপউপাচার্য বলেন, প্রতিবেদনে অপরাধীদের চিহ্নিত করা হয়েছে; কিন্তু বিচারাধীন বিষয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশ সংগত নয় বলেই তা প্রকাশ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২১৫১ ঘ.