ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক ও সেরিব্রাল পলসিতে (সিপি) আক্রান্ত চার শিশুর দুঃস্থ মাকে সেলাই মেশিন দিয়েছেন সাংবাদিক ও সংসদ সদস্য আ ন মাহফুজা খাতুন বেবী মওদুদ।
রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ই ব্ল¬কের সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অটিজম ইন চিলড্রেন (সিনাক) মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে দুই জন অটিস্টিক শিশু ও দুই জন সেরিব্রাল পলসি আক্রান্ত শিশুর দুঃস্থ মার হাতে তিনি এ সেলাই মেশিন তুলে দেন।
সেলাই মেশিনপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সখিনা বেগম, কোনাপাড়ার কুলসুম, গাজীপুরের সাথী কস্তা ও নোয়াখালীর ফাতেহা বেগম।
বেবী মওদুদ বলেন, “আমি নিজে একজন অটিস্টিক শিশুর মা হিসেবে এ ধরনের শিশুর মার কষ্ট ও অসহায়ত্ব গভীরভাবে উপলব্ধি করতে পারি।
“অটিস্টিক শিশুর মায়েরা সেলাই মেশিনগুলো কাজে লাগিয়ে কিছু টাকা আয় করার সুযোগ পাবেন যা তাদের পারিবারিক আর্থিক সহায়তা, অটিজমের শিকার শিশুদের চিকিৎসার ব্যয় ভার বহনে কাজে লাগবে।“
এছাড়া ঘরে বসে মায়েরা কাজ করলে তা দেখে দেখে অটিজম আক্রান্ত শিশুরাও এ ধরনের কাজ শিখতে উৎসাহিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বেবী মওদুদ বলেন, অটিস্টিক শিশুদের পরিবারকে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানের অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ও সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনের প্রকল্প পরিচালক ডা. শাহীন আকতার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০০১ ঘ.
bdnews24