২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভারের গার্ডার ভাঙার কারণ বের করতে কাজ শুরু

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের কংক্রিট গার্ডার ভেঙে পড়ার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের কংক্রিট গার্ডার ভেঙে পড়ার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। আগামী মঙ্গলবারের মধ্যেই দুর্ঘটনার কারণ বের করে প্রতিবেদন জমা দেওয়ার আশা করছেন তদন্ত কমিটির সদস্যরা। রোববার বিকালে তদন্ত কমিটির সদস্য ও বহদ্দারহাট ফ্লাইওভার প্রকল্প পরিচালক প্রকৌশলী হাবীবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটির সদস্যরা পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেছেন।” সোমবার সকালে কমিটির সদস্যরা একসঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করবেন জানিয়ে তিনি বলেন, “আশা করছি মঙ্গলবার বিকাল নাগাদ প্রতিবেদন দেওয়া যাবে।” গত শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে নগরীর চান্দগাঁও নতুন থানার অদূরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তত্ত্বাবধানে নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের ২২ ও ২৩ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানের ১৩০ ফুট লম্বা ও ৭ ফুট চওড়া একটি কংক্রিটের গার্ডার ভেঙে পড়ে। এতে এক রিকশাচালক সামান্য আহত হন। প্রকৌশলী হাবীবুর রহমান জানান, শুক্রবার রাত ১২টা নাগাদ ভেঙে পড়া গার্ডারটি সরিয়ে নেওয়া হয়। তখন থেকে বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গার্ডার ভেঙে পড়ার পর সিডিএর পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। প্রকৌশলী হাবীবুর রহমান ছাড়া কমিটির অন্য দুই সদস্য হলেন, সিডিএর জ্যেষ্ঠ প্রকৌশলী শফিকুল ইসলাম ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক আবদুুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/১৯৪৮ ঘ.