২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের যুবদল নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

ঢাকার সাভারে বিয়ে পাগল এক যুবদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

সাভার, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে বিয়ে পাগল এক যুবদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে পুলিশ শনিবার সকালে ধামরাইয়ের সুয়াপুর সড়কের শ্রীরামপুর এলাকায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া লাশটির পরিচয় নিশ্চিত হয়। নিহত মোসলেমা খাতুন (২৮) গাজিপুর জেলার কালিগঞ্জ থানার সাতিয়ানী এলাকার মোসলেম উদ্দিন শেখের মেয়ে এবং সাভার পৌর যুবদলের সভাপতি বাবুল মিয়ার স্ত্রী। তাদের দু‘টি সন্তান রয়েছে। এ ঘটনার পর থেকে বাবুল পলাতক রয়েছে বলে জানায় পুলিশ। ধামরাই থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাভার পৌর যুবদলের সভাপতি বাবুল মিয়া তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।” তিনি জানান, ঘটনাটি তদন্তে এবং বাবুলকে গ্রেপ্তারে পুলিশের একটি দল মাঠে নেমেছে। বাবুলের একাধিক স্ত্রী রয়েছে উল্লেখ করে পৌর যুবদলের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন পাপ্পু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে তার সঙ্গে একবার ফোনে যোগাযোগ হয়েছে। এরপর তার ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।” থানার উপ-পরিদর্শক ইলিয়াছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধামরাইয়ের শ্রীরামপুর সড়কের পাশ থেকে শনিবার সকালে বিছানার চাদরে মোড়ানো অবস্থায় হাত-পা বাঁধা ও গলাকাটা এক নারীর লাশ উদ্ধার করা হয়। রাতে এসআই বদরুল আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি আরও জানান, নিহত মোসলেমার পরিবারের সদস্যরা তার খোজখবর না পেয়ে এবং স্বামীর পরিবার থেকেও কোনো সাড়া না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। এক পর্যায়ে তারা থানায় এসে এ লাশের ছবি দেখে মোসলেমাকে সনাক্ত করেন। তিনি বলেন, যুবদল নেতা বাবুলের একাধিক স্ত্রী রয়েছে বলে জানতে পেরেছেন। নিহতের মা রেহেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন বছর আগে তার বড় মেয়ে মোসলেমার সঙ্গে বাবুলের পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তারা জানতে পারেন বাবুলের একাধিক স্ত্রী রয়েছে। বিয়ের পর থেকে নানাভাবে মোসলেমাকে নির্যাতন করতো বাবুল। তিনি বলেন, “৮দিন আগেও বাবুল তার স্ত্রীকে মারধর ও ছুরিকাঘাত করে আহত করে বলে গোপনে বাবুলের ড্রাইভার আমাদের ফোনে জানায়।” পরে মেয়েকে মোবাইলে ফোন করে সাড়া না পেয়ে বাবুলকে ফোন করলে তিনি নানা ধরনের কথা বলায় তাদের সন্দেহ হয়। “গত বৃহস্পতিবার দুপুরে সাভারের দক্ষিণ রাজাশন মহল্লায় বাবুলের বাড়িতে গেলে বাবুলের বাধা উপেক্ষা করে মোসলেমা আমাদের শরীরে নির্যাতনের চিহ্ন দেখায়“ বলেন নিহতের মা। তখন বাবুল রেগে গিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। পরদিন শুক্রবার রাতে বাবুল জবাই করে হত্যার পর তার মেয়ের লাশ ধামরাই ফেলে দিতে পারে বরে ধারণা করছেন তিনি। তিনি বলেন, “আমরা পরে শুনেছি মোসলেমা বাবুলের ষষ্ঠ স্ত্রী।“ বাবুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌর যুবদলের সভাপতি বাবুলের বিরুদ্ধে জমিদখল, চাঁদাবাজী, হামলা, ভাংচুর ও হরতালে গাড়ী পোড়ানোসহ ৫/৬ মামলা রয়েছে। এর বেশিরভাগ মামলাই চার্জশিট দেওয়া হয়েছে। বাবুলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১০ঘ.