ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাখাইন প্রদেশে জরুরি অবস্থার কারণে মিয়ানমারে প্রেসিডেন্ট উ থেইন সেইনের বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়া হয়েছে।
রোববার মিয়ানমারের উপ পররাষ্ট্রমন্ত্রী উ মং মিন্টের সঙ্গে এক যৌথ সাংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এ কথা জানান।
তিনি বলেন, “মিয়ানমারের অভ্যন্তরীণ আইন অনুসারে দেশে জরুরি অবস্থা থাকলে প্রেসিডেন্ট দেশের বাইরে যেতে পারেন না। তিনি রোজার পর আসবেন। তবে এখনও তারিখ নির্ধারিত হয়নি।”
সকালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে শুরু হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মোহাম্মদ মিজারুল কায়েস। আর মিয়ানমারের নেতৃত্বে ছিলেন সে দেশের উপ পররাষ্ট্রমন্ত্রী উ মং মিন্ট।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মিয়ানমারের প্রেসিডেন্টের আসার কথা ছিল আগামী ১৫ জুলাই। কিন্তু রাখাইন প্রদেশে সাম্প্রতিক দাঙ্গা ও বন্যার কারণে দেশটিতে জরুরি অবস্থা চলছে।
গত ৮ জুন মিয়ানমারের রাখাইন প্রদেশে রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যে দাঙ্গা বাঁধলে অর্ধশতাধিক মানুষ নিহত হন। সে সময় বহু রোহিঙ্গা নৌকা দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেও বিজিবি তাদের ফেরত পাঠায়।
জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানালেও দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে বিপদে থাকা বাংলাদেশ সরকার তাতে সাড়া দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমডি/জেকে/১৮০৩ ঘ.
bdnews24