সিলেট, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরমা ও কুশিয়ারার উজানে পানি কমায় সিলেটের ৬ উপজেলাসহ সিলেট নগরীর বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ।
গত দুদিন ধরে নদীর পানি কমলেও সুরমা ও কুশিয়ারার পনি এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নিহার রঞ্জন দাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদ সীমার ৯৭ সেন্টিমিটার, সিলেটে ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারার পানি জকিগঞ্জের অমলসিদে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ও বিয়ানীবাজার শেওলায় ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে সিলেট নগরীর ১৫টি এলাকার পানিও কমতে শুরু করেছে পানি।
নগরীর সাতটি আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
সিলেট জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা রফিুকল ইসলাম জানান, জেলায় ৫৯টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও এখন ২৪টিতে দুর্গতরা রয়েছেন।
এরইমধ্যে দুর্গত এলাকায় ৬১৪ মেট্রিক টন চাল, ২০ লাখ ২৭ হাজার টাকা এবং গৃহ নির্মাণের জন্য ৫৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বন্যায় সিলেট জেলার প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রফিুকল জানান।
সিলেটের সিভিল সার্জন ডা. কামরুল ইসলাম জানান, বন্যা উপদ্রুত এলাকায় ৫৬টি মেডিকেল টিম কাজ করছে।
এখনও বন্যা দুর্গত এলাকায় রোগ-ব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়নি উল্লেখ করে সিভিল সার্জন বলেন, “পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগ দেখা দিতে পারে। এ পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত ওষুধসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৪৫০ ঘ.
bdnews24