ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে রোববার সকালে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ-ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ১০টা ১৩ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৯১ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির তথ্য অনুযায়ী, ভারতের নাগাল্যান্ড থেকে ৬৬ কিলোমিটার পূর্বে এবং মনিপুরের ইম্ফল থেকে ১২২ কিলোমিটার উত্তর-পূর্বে কেন্দ্রস্থলে এই ভূমিকম্পের মাত্রা ছিল মাঝারি।
চট্টগ্রাম, রাজশাহী, সিলেট থেকেও আমাদের প্রতিনিধিরা ভূমিকম্প অনুভূত হওয়ার খবর দিয়েছেন। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
প্রতিনিধিরা জানান, ভূমিকম্পে বাড়িঘর ও ঘরের আসবাবপত্র কেঁপে উঠলে অনেকেই ঘর ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
এর আগে গত ১১ মে সারা দেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ১১ এপ্রিল ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮ দশমিক ৬ মাত্রার প্রবল ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশেও কয়েক দফা মৃদু কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই বাংলাদেশসহ ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয় প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
এছাড়া রংপুরসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ২৮ মার্চ ভোরে ৪ দশমিক ৮ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৪৫ ঘ.
bdnews24