সিরাজগঞ্জ, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ধসের আশঙ্কায় ‘হার্ড পয়েন্ট’ এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শনিবার সকাল থেকে সেনাবাহিনীর যমুনা সংমিশ্রন ব্রিগেডের ৩৯ জন সেনাকে ‘হার্ডপয়েন্ট’ এলাকায় মোতায়েন করা হয়।
সেনা সদস্য মোতায়েন উপলক্ষে শনিবার দুপুরে ঘাটাইল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ ‘হার্ড পয়েন্ট’ এলাকা পরিদর্শন করেন। এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ড রাজশাহী বিভাগীয় প্রকৌশলী আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ বলেন, “সব সময় সেনাবাহিনী জনগনের পাশে আছে এবং থাকবে। সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় জনস্বার্থেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।”
সেনাবাহিনীর আরো সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে আরো সেনা সদস্যকে এখানে পাঠানো হবে।
এদিকে সিরাজগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের কাছে যমুনা নদীর পানি ২০ সেন্টিমিটার বেড়ে তা বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ইতোমধ্যেই সিরাজগঞ্জ শহরতলীর ১০/১২টি গ্রামসহ জেলায় ৪০টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৬১৭ ঘ.
bdnews24