সিলেট, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে হামলা করে সিলেট কেন্দ্রীয় কারাগারের মাটি ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকায় সংঘটিত এ হামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মচারী আহত হয়েছেন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাত আলী রফিকে নেতৃত্বে এ হামলা হয়েছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মোহা¥মদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামছুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণপূর্ত বিভাগের পরিদর্শন শেষে আওয়ামী লীগের সুজাত আলী রফিকসহ স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুর রউফ তাঁদের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ টাকা দিতে অসম্মতি জানানোয় হামলা করা হয়।”
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সদর উপজেলার বাদাঘাট এলাকায় সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের জন্য মাটি ভরাট কাজ পরিদর্শন করেন গণপূর্ত বিভাগের প্রকৌশলী দল। এর পরই স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক দলবলসহ প্রকল্প এলাকায় অবস্থান নেন। সন্ধ্যা সাতটার দিকে ওই দলটি মাটি ভরাট কাজ বন্ধ রাখতে বলে। এ দাবি না মানায় তারা ভরাটকাজে নিয়োজিত নজরুল ইসলাম (৩০) ও হামজু মিয়ার (৩৫) ওপর হামলা করে। তাদের চিৎকারে এলাকাবাসীরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা ড্রেজিং মেশিনে ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, হামলার পর থেকে মাটি ভরাটের কাজ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে একদল পুলিশ অবস্থান নিয়েছে।
জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ঘটনাস্থলে অবস্থান করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন।
মাটি ভরাট কাজে নিয়োজিত দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ওসি গৌসুল হোসেন।
এ বিষয়ে সুজাত আলী রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে হামলার কথা স্বীকার করলেও নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন।
সুজাত আলী রফিক বলেন, ‘যেখান থেকে মাটি তোলা হচ্ছে, সেখানকার মালিকানা নিয়ে বিরোধ থাকায় হামলা হয়েছে।’
তবে বিষয়টি নিষ্পত্তি করতে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/১১৩১ ঘ.
bdnews24