চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজান মাসে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে আশা করছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী এ এস এম আলমগীর কবীর।
শুক্রবার সকালে চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা চেষ্টা করছি লোডশেডিং কম করার জন্য। আগামী রমজানে নিরবিচ্ছন্নভাবে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা থাকবে।”
নগরীর খুলশী এলাকায় পিডিবির উদ্যোগে সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা একুইজিশন (স্ক্যাডা) সেন্টারের উদ্বোধন করে পিডিবি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, তেলের দাম বেড়ে যাওয়ায় অনেক প্ল্যান্ট বন্ধ রাখতে হচ্ছে এবং উৎপাদন কম হচ্ছে।
বৃহত্তর চট্টগ্রামে সুষ্ঠু বিদ্যুৎ বিতরণ ও লোড ম্যানেজমেন্টের লক্ষ্যে পিডিবির উদ্যোগে স্ক্যাডা সেন্টার স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পিডিবি চেয়ারম্যান বলেন, স্ক্যাডা সেন্টার স্থাপনের মাধ্যমে চট্টগ্রামের বিদ্যুৎ ব্যবস্থা অনলাইন প্রক্রিয়ায় এসেছে। এই সেন্টারের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রামের প্রতিটি সাব স্টেশন কেন্দ্রীয়ভাবে মনিটর ও নিয়ন্ত্রণ করা যাবে।
চট্টগ্রামের পর পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা এ প্রক্রিয়ার আওতায় আনা হবে বলে জানান তিনি।
খুলশীতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ও আধুনিক প্রযুক্তি নির্ভর কম্পিউটারাইজড বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা স্ক্যাডা সিস্টেম বাস্তবায়নের ফলে চট্টগ্রামের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সম্ভব হবে।
কুয়েত সরকারের অর্থায়নে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে নগরীর খুলশীতে পিডিবির সিস্টেম কন্ট্রোল সেন্টারের স¤প্রসারণ ও পুর্নবাসনের কাজ হয়েছে।
নিউজিল্যান্ডের এবি সিস্টেমস লিমিটেড ও তাদের স্থানীয় প্রতিনিধি টোটালটেল প্রকল্পটির কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/২০১৭ ঘ.
bdnews24