ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞানভিত্তিক রাষ্ট্র নির্মাণে তরুণ শিক্ষার্থীদের সমাজ ও দেশ সচেতন হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম বলেন, “বর্তমান তরুণ শিক্ষার্থীদের দিকে গোটা বাংলাদেশ তাকিয়ে আছে। একদিন তোমাদের নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তাই দেশকে জ্ঞানভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে তরুণদের অধিক জ্ঞানার্জনের পাশাপাশি সমাজ ও দেশ সচেতন হওয়া চাই।”
বেইলি রোডের জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে ‘আমরা কজন সংগঠন’ এর উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ ৫ পাওয়া চারশ’ শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেয়। তাদের একটি করে ক্রেস্ট ও প্রশংসাপত্র দেয়া হয়।
মির্জা ফখরুল তরুণদের কৃতিত্বের প্রশংসা করে বলেন, “এভারেস্টের মতো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে আরোহন করেছে আমাদের তরুণরা।”
“শিক্ষা ও নারী শিক্ষায় বাংলাদেশের সাফল্য আজ বিশ্ব দরবারে প্রশংসা অর্জন করেছে। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়ন ও প্রসার তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনন্য ভূমিকা রেখেছেন। মাতৃস্বাস্থ্য সূচকে ভারতের চেয়ে আমরা এগিয়ে আছি”, যোগ করেন তিনি।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক উপ-মেয়র আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন হ এহছানুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, কন্ঠশিল্পী মনির খান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৯১৮ ঘ.
bdnews24