২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান ওড়ার পর ট্রেনও ছাড়ছে চট্টগ্রাম থেকে

বৃহস্পতিবার সকালে শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা শুরু হয়। সন্ধ্যায় যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল এখন পর্যন্ত বন্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণের কারণে দুদিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন ও বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা শুরু হয়। সন্ধ্যায় যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হয়েছে। বর্ষণে রানওয়েতে পানি জমায় এবং ভাটিয়ারিতে একটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ট্রেন ও বিমান চলাচল বন্ধ ছিল। চট্টগ্রাম রেল স্টেশন থেকে সন্ধ্যা ৭টা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছাড়া শুরু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পূর্ব রেলের বিভাগীয় ট্রাফিক অফিসার (ডিটিও) জাকির হোসেন। তিনি বলেন, সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ধসে যাওয়া দুটি রেল ট্র্যাকের একটি সচল হওয়ায় রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে। সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। রাত সাড়ে ৮টায় ছেড়ে যায় সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস। রাতে ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশীথা ও ঢাকা মেইলও ছাড়বে বলে জানান ডিটিও জাকির। এছাড়া ঢাকা ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে। যাত্রীবাহী ট্রেন চললেও মালবাহী ট্রেন চলাচল বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে না বলে জানিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। সেনাবাহিনীর সহযোগিতায় ক্ষতিগ্রস্ত রেলসেতুর দুটি ট্র্যাকই সচল করার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত অন্য ট্র্যাকটি মেরামত হতে ১৫ দিন সময় লাগবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মেরামতকালে মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। সীতাকুণ্ড থেকে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের চট্টগ্রাম নগরীতে যেতে হচ্ছিল। সকাল ৮টায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস এবং বিকাল ৪টায় মহানগর গোধূলি সীতাকুণ্ড থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বেলা ১২টায় সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস সীতাকুণ্ড ছাড়ে। ৩৭ ঘণ্টা বন্ধ থাকার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা শুরু হয় সকালেই। বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার রবিউল ইসলাম জানান, ভোর ৬টার দিকে ঢাকা ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। এরপর এ বিমানবন্দর থেকে আরো কয়েকটি ফ্লাইট ওঠানামা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/জেকে/১০৩৫ ঘ.